নিজস্ব প্রতিবেদক | ২৫ অক্টোবর, ২০১৮
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টে যেহেতু বিএনপি আছে, তাই দেশের রাজনীতিতে তো তার কিছু প্রভাব পড়বেই। তবে নির্বাচনে আওয়ামীলীগই জিতবে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট সার্কিট হাউজের সামনে সুরমা নদীর তীর ঘেঁষে রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়েসহ রাস্তা নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এমন দাবি করেন।
বুধবার সিলেট রেজিস্টারি মাঠে জনসভা করে সরকারবিরোধী নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট। এতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, জনগনের ক্ষমতা আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে আনবে এই জোট।
ড. কামালের এই বক্তব্য প্রসঙ্গে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আই হেব ফুল্লি ওয়ান কমেন্টম ফর দিস, টুটাল রাবিশ’।
তিনি আরও বলেন, ফ্রন্টভুক্ত দলগুলো ইতিমধ্যেই জনগণের কাছে অকার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। তাই নির্বাচনে আওয়ামী লীগই জিতবে।
জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের কেউ কেউ বিএনপির সাথে জোট করে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে চাইছেন- এমন বক্তব্যকে ‘হিপোক্রেসি’ বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। এ ধরনের মন্তব্যকে ‘মুনাফিকি’ বলেও অভিহিত করেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মেয়র আরিফকে উদ্দেশ্য করে বলেন, সিলেটের উনয়ন যার হাত দিয়েই হোক, এটা আমার উনয়ন। এটি স্বীকার করতেই হবে।
এ অনুষ্ঠানে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সিলেটের সুরমা নদীর তীর ঘেঁষে সার্কিট হাউজের সামনে থেকে কালিঘাট, মাছিমপুর, মেন্দিবাগ, নোয়াগাও হয়ে বোরহান উদ্দিন সড়ক পর্যন্ত রিটেইনিং ওয়াল এবং ওয়াকওয়েসহ রাস্তা নির্মাণ করছে সিলেট সিটি করপোরেশন।