Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় চা শ্রমিকের সন্তানের ঝুলন্ত লাশ

কুলাউড়া প্রতিনিধি |  ২৫ অক্টোবর, ২০১৮

কুলাউড়া সদর ইউনিয়নের কালিটি চা-বাগানের পাশে জঙ্গলের একটি গাছে ঝুলন্ত অবস্থায় শান্তি অলমিক (১৬) নামে চা শ্রমিক সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই বাগানের চা শ্রমিক ও জংলী লাইন বস্তির বাসিন্দা গোপাল অলমিকের মেয়ে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল ৭টার দিকে ওই বাগানের পাশে অবস্থিত জংলি লাইন বস্তির পূর্ব পাশে ১৪নং সেকশন এলাকা থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে কালিটি চা-বাগানের পাশে অবস্থিত একটি বস্তির পূর্ব পাশে ১৪নং সেকশনে একটি জঙ্গলের গাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

কিশোরীর বাবা গোপাল অলমিক জানান, কাজ শেষে রাতে বাড়ি এসে খাওয়া-দাওয়া করে বাপ-মেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে তার কোন খোজ না পেয়ে অনেক খোজাখোজির পর খবর পাই আমার মেয়ের লাশ দূরে জঙ্গলের গাছে ঝুলছে।

তিনি আরও বলেন, কয়েক বছর আগে তার মা মারা গেছেন। আমার মেয়ে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে।

কুলাউড়া থানার এএসআই মো. রিয়াদুল ইসলাম বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্টে ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.