মৌলভীবাজার প্রতিনিধি | ২৫ অক্টোবর, ২০১৮
মৌলভীবাজারের জুড়ীতে ধর্ষণের পর ফারজানা জান্নাত রিমা (১৫) নামের এক কিশোরীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
নিহত কিশোরী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামের মৃত ফয়জুর রহমানের মেয়ে। বৃহস্পতিবার ভোরে জুড়ি পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।
চিকিৎসকের বরাত দিয়ে জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর সর্দার রাতে জানান, লাশের আলামত দেখে চিকিৎসকরা জানিয়েছেন, ধর্ষণের পর শ্বাসরোধ করে কিশোরীকে হত্যা করা হয়েছে ।
তিনি আরো জানান, বুধবার রাত ২ টা থেকে ভোর সাড়ে ৫ টার মধ্যে ভিতরে কোন এক সময় ঘটনাটি ঘটেছে।
পুলিশের দেওয়া তথ্য মতে আরো জানা যায়, ভোরে রিমার মা ঘু্ম থেকে উঠে দেখতে পান রিমার গলায় উড়না পেছানো এসময় দুইজনকে ঘর থেকে বের হতে দেখেন।
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।