Sylhet Today 24 PRINT

নগরী থেকে রামদাসহ ৫ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৬ অক্টোবর, ২০১৮

সিলেট নগরীর লালাদিঘীরপাড় এলাকা থেকে রামদাসহ ৫ যুবককে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন- লালাদিঘীরপাড় ২৫নং বাসার ফখরুল মিয়ার ছেলে মঈনুল ইসলাম রানা (২৪), ঘাসিটুলা মস্তফা হাজীর কলোনীর ভাড়াটিয়া মনির হোসেন (১৮), লালাদিঘীর পাড় চুনু মিয়ার ভাড়াটিয়া সোলেমান আহমদ (১৯), লালাদিঘীর পাড় হেলাল মিয়ার কলোনীর ভাড়াটিয়া ইমরান আহমদ (১৮), লালাদিঘীর পাড় এলাকার সুলতান আহমদ (২২)।

জানা যায়, ঘাসিটুলা মাদ্রাসা রোডে পাতাকুঁড়ি বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় সমিতির ম্যানেজার সাইদ আহমদ (২৩), সায়েম আহমদ (২২), গ্রাহক তরিকুল ইসলাম (২৫) আহত হন। এই হামাল ঘটনার এক ঘন্টার মাথায় নগরীর লালাদিঘীরপাড় থেকে ওই ৫ জনকে আটক করা হয়। এরা হামলার সাথে জড়িত বলে অভিযোগ ওঠেছে।

পাতাকুঁড়ি বহুমুখী সমবায় সমিতির সভাপতি সুহেল আহমদ বলেন, ‘রানার নেতৃত্বে একদল সন্ত্রাসী বুধবার রাতে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে সমিতির কার্যালয়ে। তারা নগদ অর্থ ও ৪টি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় রাতে কোতোয়ালী থানায় ম্যানেজার সাইদ আহমদ একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এতে ক্ষিপ্ত হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আবার হামলা চালায় সন্ত্রাসীরা।’

এ ব্যাপারে কোতোয়ালী থানার এস আই নুরে আলম বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে ৫টি রামদা জব্দ করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.