Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০১৮

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে মামুন মিয়া (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে ওলিপুরের আব্দুল আহাদ মিয়ার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মামুন সদর হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের মৃত নূর আলীর ছেলে এবং উপজেলা কৃষক লীগ সভাপতি জামাল সর্দারের ছোট ভাই।

নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া জানান, মামুন মিয়া ওলিপুরে প্রাণ আরএফএল গ্র“পে কর্মরত ছিলেন। নিজামপুরের বাড়ি থেকে গিয়ে অফিস করতেন। তবে প্রায়ই ওলিপুরের উল্লেখিত বাসাটিতে তার বন্ধুদের নিয়ে রাত্রী যাপন করতেন।

বৃহস্পতিবার দিবাগত রাতেও একজন সহকর্মীসহ দুইজনকে নিয়ে ওই বাসায় রাত্রী যাপন করেন। শুক্রবার সকালে স্থানীয় একজন লোক মামুনের মরদেহটি বাসার গেটে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। মামুনের জিহ্বায় কামড় দেয়া অবস্থায় ছিল।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মৃতের পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি বলেও জানিয়েছেন ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.