Sylhet Today 24 PRINT

বড়লেখায় প্যানেল মেয়রের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, জিডি

বড়লেখা প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মুহাম্মদ তাজ উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্যানেল মেয়র মুহাম্মদ তাজ উদ্দিন শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১১১৯) করেছেন।

এদিকে প্যানেল মেয়র তাজ উদ্দিনকে জড়িয়ে অপপ্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বড়লেখা পৌর পরিষদের মেয়র ও কাউন্সিলরবৃন্দ।

জিডি সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফেক আইডি থেকে অজ্ঞাত ব্যক্তি বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মুহাম্মদ তাজ উদ্দিনকে জড়িয়ে বড়লেখা থানায় সম্প্রতি গ্রেপ্তার আহাদ আহমদের সঙ্গে তাঁর একটি ছবিসহ বাজে ভাষায় লেখালেখি করে পোস্ট করা হয়। এতে তাঁকে রাজনৈতিক ও সামজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়। এজন্য তিনি আতঙ্কে রয়েছেন। ভবিষ্যতে ওই আইডি থেকে তাঁর বিরুদ্ধে অপপ্রচার করা হতে পারে বলে তিনি জিডিতে উল্লেখ করেছেন।

প্যানেল মেয়র মুহাম্মদ তাজ উদ্দিন শুক্রবার রাতে জানান, ফেসবুকে ভুয়া আইডি দিয়ে একটি কুচক্রি মহল আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা-বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমি থানায় জিডি করেছি। পুলিশ প্রশাসন এসব ঘৃণিত কাজে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করলে ভবিষ্যতে কারো বিরুদ্ধে কেউ এভাবে মিথ্যা লেখার সুযোগ পাবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.