সিলেটটুডে ডেস্ক | ১৫ জুলাই, ২০১৫
সিলেটের ওসমানী নগরে জাতীয়তাবাদী ওলামা দলের এক নেতা ছুরিকাঘাতে খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম ক্বারী সিরাজুল ইসলাম রিপন (৩০)। তিনি ওসমানী নগর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ছিলেন।
বুধবার (১৫ জুলাই) ভোরে উপজেলার ফকিরপাড়া এলাকা থেকে রিপনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো এক সময়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রিপনের মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার উছমানপুর ইউপির পরিয়ারখাই নোয়াগাঁও গ্রামে। তার বাবা মৃত মন্তাজ উল্যা।
এদিকে রিপন হত্যায় জড়িত সন্দেহে আবদুল কাইয়ুম চৌধুরী, জুয়ায়েদ আহমেদ চৌধুরী, ছালিক আহমদ চৌধুরী ও শরীফ আহমদ চৌধুরী নামে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটককৃতরা নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।
ময়নাতদন্তের জন্য রিপনের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রিপনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টার বাড়ি থেকে বের হন তিনি। রাতে বাড়ি ফেরেননি। বন্ধ ছিলো তার মোবাইল ফোনটিও। বুধবার ভোরে খোঁজাখুঁজি করতে গিয়ে ফকিরপাড়া এলাকায় রিপনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।
রিপনের চাচাতো ভাই লোকমান আহমদের অভিযোগ, আটককৃত চার সন্দেহভাজন রিপন হত্যায় জড়িত। তাদের সঙ্গে সড়কে তোরণ নির্মাণ নিয়ে রিপনের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরেই হত্যাকাণ্ড ঘটেছে।
ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরসালিন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।