Sylhet Today 24 PRINT

শিল্পায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: ড. ফরাসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, সিলেট |  ২৭ অক্টোবর, ২০১৮

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, শিল্পায়ন ছাড়া কোন দেশের টেকসই উন্নয়ন সম্ভব হবে না। পঁয়ত্রিশ বছর আগে আমি যা বলেছিলাম এখনও তা বলছি যে শিল্পায়ন ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়।

শনিবার দুপুরে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে চেম্বার কনফারেন্স হলে আয়োজিত 'সিলেট অঞ্চলে প্রবাসী বিনিয়োগ সংক্রান্ত গবেষণাপত্রের উপর পর্যালোচনা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক একান্ত সচিব ড. ফরাসউদ্দিন বলেন, গত দশ বছরে দেশে অসাধারণ অগ্রগতি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূচকে আমরা এশিয়ার মধ্যে এগিয়ে রয়েছি। তিনি বলেন, সরকারের ১০ বছরের দায়িত্বকালে যে অসাধারণ অগ্রগতি হয়েছে তা বিবেচনা করে আগামী ১২০ দিনের মধ্যে এই ধারাবাহিকতা বজায় রাখলে আগামী ২০৩০ সালে বিশ্বের ২৬তম অর্থনৈতিক সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ।

সিলেটে বিনিয়োগ এবং শিল্প প্রতিষ্ঠানের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি দেশী-বিদেশী বিনিয়োগকারীদের যৌথ উদ্যোগে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের আহবান জানান।

তিনি বলেন, সিলেট নিয়ে আমি খুবই আশাবাদী। এখানে শিল্প প্রতিষ্ঠান নির্মাণের জন্য প্রচুর জমি রয়েছে। এছাড়া গ্যাস এবং বিদ্যুৎ সুবিধাও পর্যাপ্ত রয়েছে। সিলেটে দুইটি প্রকল্প সিলেট-ঢাকা মহাসড়ক চার লেন এবং ট্রেনের ডাবল লেন বাস্তবায়নে একটু দেরী হচ্ছে উল্লেখ করে ড. ফরাসউদ্দিন বলেন, সিলেট-চট্টগ্রাম হাইওয়ে নির্মাণও জরুরী বলে আমি মনে করি।

গ্যাস সমস্যা সমাধান করাও জরুরী মন্তব্য করে তিনি বলেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় ব্যাপক ভূমিকা রাখছে। তিনি বলেন, সিলেটে কর্মসংস্থানমূলক প্রকল্প যেমন বস্ত্রশিল্প কারখানা, আসবাবপত্র, আগর, তরল দুগ্ধ, মৎস্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ, পর্যটন, গ্লাস ও সিরামিক ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করলে লাভবান হওয়া যাবে।

সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে 'সিলেট অঞ্চলে প্রবসাী বিনিয়োগ: একটি সামগ্রিক পর্যালোচনা' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল।

তিনি সিলেট অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা, বিনিয়োগ এবং প্রবাসীদের বিনিয়োগের বাঁধা সমূহ তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে খন্দকার সিপার আহমদ বলেন, সিলেট অঞ্চল শিল্প ও পর্যটনের জন্য একটি অপার সম্ভবনাময় স্থান। এ সম্ভাবনাকে কাজে লাগাতে সিলেট চেম্বার বিনিয়োগ সংক্রান্ত এ গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করে।

তিনি সিলেট অঞ্চলে বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহবান জানিয়ে বলেন, আজকে উপস্থাপিত গবেষণাপত্রটি পরবর্তীতে আরো সমৃদ্ধ করা হবে। প্রাথমিক পর্যায়ের এই গবেষণাপত্রটিতে বিভিন্ন বিনিয়োগকারীদের মতামত ও পরামর্শ অন্তর্ভুক্ত করে চূড়ান্ত করা হবে এবং পরবর্তীতে তার ইংলিশ ভার্সন প্রকাশ করা হবে।      

সভায় আলোচনায় অংশ নেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ মনির উদ্দিন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর শিব প্রসাদ সেন, সিলেট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহঃ হায়াতুল ইসলাম আকঞ্জি, স্কলার্সহোমের হেড অব একাডেমিক কাউন্সিল ড. কবীর এইচ চৌধুরী, শাবিপ্রবি’র ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আহমদ সায়েম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ শরফুদ্দিন, সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক জিয়াউল হক, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ ও বারাকা গ্রুপের ডিএমডি ফাহিম আহমদ চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.