Sylhet Today 24 PRINT

মাধবপুরে খাদ্যে বিষক্রিয়ায় নারীর মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ২৭ অক্টোবর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে খাদ্যে বিষক্রিয়ায় মায়া রাণী (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন একই পরিবারের আরো ৪ জন। শনিবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার পুড়াইকলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মায়া রাণী ওই এলাকার সুনীল দেবনাথের স্ত্রী।

অসুস্থরা হলেন নিহত মায়া রাণীর স্বামী সুনীল দেবনাথ, তাদের সন্তান সুকুমার দেবনাথ ও শংকর দেবনাথ এবং সুনীল দেবনাথের ভাতিজা মিথুন দেবনাথ।

এদের মাঝে সুকুমার এবং সুনীলকে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীরা হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ওই পরিবারের সকলেই একসাথে লাল রঙের ডিম দিয়ে তৈরি তরকারি খান। কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়লে সকলকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।  চিকিৎসাধীন অবস্থায় মায়া রাণী মৃত্যুবরণ করেন। বাকীদের সিলেট এবং হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ সাইফুর রহমান সোহাগ জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে একজনের মৃত্যু এবং বাকীরা অসুস্থ হয়েছেন। এটা হতে পারে ডিম খেয়ে, আবার হতেও পারে তরকারী খেয়ে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.