Sylhet Today 24 PRINT

সিলেট থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস, বিপাকে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক |  ২৮ অক্টোবর, ২০১৮

সিলেটের কদমতলী ও কুমারগাও বাস টার্মিনাল থেকে  দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ আছে। ৮ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার কর্মবিরতির প্রথম দিনে  রোববার ( ২৮ অক্টোবর) সকাল থেকে দূরপাল্লার কোন বাস না ছাড়াই বিপাকে পড়েছেন যাত্রীরা।

ভোর থেকে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালসহ কোনো বাস টার্মিনাল থেকে কোনধরনের বাস ছেড়ে যায়নি।  এছাড়া নগরীতে সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস সহ ছোটখাটো যান চলাচলও ছিল সীমিত। এতে দূরপাল্লার যাত্রীদের মতো ভোগান্তিতে পড়েছেন অফিস, স্কুলকলেজ ও ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াতকারী যাত্রীরা।

সরজমিনে বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা যায় যাত্রীরা বাস টার্মিনাল গুলোতে গেলেও ফিরে আসতে হয়েছে বাস না পেয়ে। এদিকে বাসের সাথে সাথে নগরীতে পণ্যবাহী ট্রাক ও পিকআপ ভ্যানও চলাচল করতে দেখা যায়নি।

অন্যদিকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির প্রভাব পড়েছে সিলেট রেলওয়ে স্টেশনে। বাস টার্মিনাল থেকে ফেরা যাত্রীরা ছুটছেন রেলপথে গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে।

সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সিলেট বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ শামসুল হক মানিক সিলেটটুডে টোয়েন্টিকে জানান, সকল পরিবহন মালিক শ্রমিকরা স্বতঃস্ফূর্ত হয়ে কর্মবিরতি পালন করছেন।  শান্তিপূর্ণ কর্মবিরতিতে কোনোরকম পিকেটিং হচ্ছেনা।  সরকার তাদের দাবি মেনে নেবেন বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি পাশ হওয়া সড়ক পরিবহন আইনের বেশকিছু ধারা  সংশোধনের দাবিতে বেশ কয়েকবার কর্মসূচি পালন হয়েছে।  গত ২০ অক্টোবর সিলেটে অর্ধদিবস কর্মবিরতিও পালন করেছেন পরিবহন শ্রমিকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.