নিউজ ডেস্ক | ১৫ জুলাই, ২০১৫
শিশু রাজনের নির্যাতনের ভিডিওচিত্র ধারণকারী নুরকে আটক করেছে এলাকাবাসী। আটকের পর তারা নুর মিয়াকে পুলিশের হাতে তুলে দেয়।
বুধবার (১৫ জুলাই) রাতে গ্রেপ্তার নুর মিয়া (২০) নির্যাতনকারীদের সহযোগী হয়ে সেদিন ঘটনাস্থলে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। জনতা তাকে ধরে পুলিশে দেয় বলে ওই থানার ওসি আক্তার হোসেন জানিয়েছেন।
রিকশা ভ্যান চুরির অভিযোগ তুলে গত ৮ জুলাই জালালাবাদের কুমারগাঁওয়ের যে স্থানে রাজনকে বেঁধে পেটানো হয়েছিল, সেখানকার একটি ওয়ার্কশপে কাজ করেন নুর মিয়া।
সৌদি আরবে আটক কামরুল ইসলামের কথায় মোবাইল ফোনে নির্যাতনের ভিডিও ধারণ করেছিলেন বলে নুর মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানান ওসি আক্তার হোসেন।
নুর মিয়ার বাবা নিজাম উদ্দিন সাংবাদিকদের বলেন, “যদি আমার ছেলে অপরাধী হয়, তবে অবশ্যই যেন তার বিচার হয়।”