ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি | ২৮ অক্টোবর, ২০১৮
সড়ক পরিবহন আইন'১৮ সংস্কারসহ ৮দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার কর্মবিরতির প্রথম দিনে সিলেটের ফেঞ্চুগঞ্জে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের অপরিসীম ভোগান্তি পোহাতে হচ্ছে।
ধর্মঘটে দূরপাল্লার যাত্রীসহ স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীরা পরেছেন চরম বিপাকে। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা চলমান থাকায় সেই সব শিক্ষার্থীরা পরেছেন চরম বিপাকে। সেই সাথে সকাল থেকে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি যেন ভোগান্তির মাত্রাটা আরো বাড়িয়ে দিয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এবং পরিবহন সংকটের কারণে মানুষজনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত উপেক্ষা করেই শিক্ষার্থীরা ফেঞ্চুগঞ্জ পালবাড়ী, কুশিয়ারা বাসস্টপেজ, সারকারখানা রেল গেইটে জড়ো হন সিলেট শহরে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া ও পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করা কষ্টকর হয়ে পরে। অনেকেই তাদের গন্তব্যে পৌঁছতে পারেননি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমসি সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী মো মাযহার জানান, পরিবহন ধর্মঘটের কারণে আমাদের শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সকাল থেকে সব ধরনের গণ-পরিবহন চলাচল বন্ধ থাকায় আমরা শতাধিক শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, মানিকোনা থেকে অনেক কষ্টে ফেরিঘাট বাসস্টপেজ এসেছি। আমার মতো আরো অনেকেই বিভিন্ন জায়গা থেকে হেটে এখানে এসেছে গাড়ীর জন্য। দুই ঘণ্টা অপেক্ষা করেও কোন যান পাওয়া যাচ্ছে না। পরীক্ষা দিতে পারবো কিনা সেটাও অনিশ্চিত।