Sylhet Today 24 PRINT

রাজন হত্যা: ভিডিও করেছিলো যে, ধরা পড়লো সে

নিজস্ব প্রতিবেদক |  ১৫ জুলাই, ২০১৫

শিশু সামিউল আলম রাজনকে বর্বরোচিত নির্যাতনের সে ভিডিওচিত্র ধারণকারী ঘাতককেও অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) রাত ১১ টায় ঘাতক নুর আহমদকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। নগরীর উপকণ্ঠের টুকেরবাজার এলাকার জাঙ্গাইলস্থ তার নিজ বাড়ি থেকে রাত ১০ টার দিকে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে।

পরে রাত ১১ টায় পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসে। নুর আহমদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি আখতার হোসেন।

নুর আহমদ পূর্ব জাঙ্গাইল গ্রামের মোহাম্মদ নিজাম উদ্দিনের ছেলে।

রাজনকে বেঁধে নির্যাতনের ভিডিওচিত্রটি সে-ই মোবাইল ফোনে ধারণ করেছিলো বলে জানায় পুলিশ। এই ভিডিও সর্বত্র ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। এমন পৈশাচিকতায় হতবাক হয়ে উঠে মানুষ। ক্রোধে-ক্ষোভে ফেটে পড়ে দেশবাসী।

নুর হোসেনসহ আলােচিত এই হত্যা মামলায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হলো। এরমধ্যে এজাহারভূক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এজাহারভূক্ত আসামী আলী এখনো পলাতক রয়েছে। আলী গ্রেফতার হওয়া ঘাতক মুহিত ও কামরুলের ভাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.