Sylhet Today 24 PRINT

ধর্মঘটের নামে পরিবহন শ্রমিকদের ‘চাঁদাবাজি’

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৯ অক্টোবর, ২০১৮

সারাদেশে চলমান পরিবহন শ্রমিকদের ধর্মঘটে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে রিকশা আটকিয়ে চাঁদাবাজির অভিযোগে পাওয়া গেছে শ্রমিকদের বিরুদ্ধে।

সোমবার (২৯ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার সড়কের ৬নং পুলের সামনে দুপুর ১টার দিকে গিয়ে দেখা যায়, কয়েকজন পরিবহন শ্রমিক রিকশা আটকিয়ে রেখেছেন। রিকশাচালকদের কাছ থেকে ২০-৫০ টাকা চাঁদা নিয়ে ছেড়ে দিচ্ছেন। পরে পুলিশের গাড়ি সেখানে গেলে শ্রমিকরা রাস্তা ছেড়ে চলে যান।

রিকশাচালক জলিল মিয়া বলেন, মৌলভীবাজার সড়ক দিয়ে রিকশা চালিয়ে শ্রীমঙ্গল শহরে আসার সময় ৬ নম্বর পুলে আমার রিকশাটি আটকে রাখে এবং রিকশার হাওয়া ছেড়ে দিতে চায়। আমি বাধা দিলে তারা চাঁদা হিসেবে ৩০ টাকা চা খাওয়ার জন্য চায়। এরপর টাকা দিলে তারা আমাকে ছেড়ে দেয়।

এ রকম অনেকের কাছ থেকে পরিবহন শ্রমিকরা চাঁদা নিচ্ছেন বলেও তিনি জানান।

শ্রীমঙ্গল উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহজাহান বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে কর্মবিরতি পালন করছি। শ্রীমঙ্গল উপজেলায় জরুরী পরিবহন চলাচলে কোন বাধা দিচ্ছি না। আর কেউ কোথাও যানবাহন আটকে টাকা পয়সা নিচ্ছে না বলেও তিনি জানান।

সরেজমিনে সকালে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন রাস্তা ঘুরে পরিবহন শ্রমিকদের উপস্থিতি দেখা যায়। জরুরী পরিবহন ব্যতীত কোন পরিবহন চলাচল করতে দিচ্ছেন না পরিবহন শ্রমিকরা।

প্রসঙ্গত, আট দফা দাবিতে সারাদেশে পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটের দ্বিতীয় দিনে প্রথম দিনের চেয়ে বেশী ভোগান্তিতে পড়েন শ্রীমঙ্গলবাসী। এতে করে দ্বিতীয় দিনেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থীদের অনেক দুর্ভোগ নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে দেখা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.