ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি | ২৯ অক্টোবর, ২০১৮
ফাইল ছবি
সড়ক পরিবহন আইন সংস্কারসহ ৮ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার কর্মবিরতির দ্বিতীয় দিনে সারাদেশের সাথে সিলেটের ফেঞ্চুগঞ্জে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ধর্মঘটের কারণে দূরপাল্লার যাত্রীসহ স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীরা পড়েছেন চরম বিপাকে।
সোমবার (২৯ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা যায় স্কুলের ছোট ছোট বাচ্চাদের নিয়ে চরম বিপাকে পড়েছেন অভিভাবকরা। হেটে হেটে বাচ্চাদের স্কুলে নিয়ে আসছেন অনেকেই।
আবার গাড়ী না থাকায় অনেক ছাত্রছাত্রী স্কুলেই যায় নি। যাদের মোটরসাইকেল আছে তারা বাচ্চাদের স্কুল-কলেজে নিয়ে গেছেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এবং পরিবহন সংকটের কারণে মানুষজনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকাল থেকে অফিসগামী চাকরিজীবীরা ধর্মঘট উপেক্ষা করে শিক্ষার্থীরা ফেঞ্চুগঞ্জ পালবাড়ী, কুশিয়ারা বাস-স্টপেজ, সারকারখানা রেল গেইটে জড়ো হন অফিস ও স্কুল কলেজে যাওয়ার জন্য। কিন্তু পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়তে হয় তাদের।
সোমবার সকালে ফাঁড়ি রাস্তায় দুই-একটি অটোরিকশা বের হলে সেগুলোও চলতে দেননি পরিবহন শ্রমিকরা। তারা চালকদের উপর মারমুখী হয়ে উঠেন যার কারণে গাড়ী বন্ধ রাখতে বাধ্য হন অনেক চালক।
রাজনগর এলাকা থেকে রোগী নিয়ে এসে পালবাড়িতে বিপাকে পড়ে মাইক্রোচালক। পরে তারা চালককে শাসিয়ে দেন।
অসুস্থ বজেন্দ্র ডাক্তার দেখানোর জন্য শহরে যেতে চাইলে দুই ঘণ্টা অপেক্ষা করে কোন গাড়ী পাননি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এ কেমন ধর্মঘট যেখানে মানবতা নেই। রোগী যেখানে ছাড় পায় না, ঔষধ যেখানে আসতে দেয়া হয় না এটা কেমন ধর্মঘট। আমার জীবনে আমি এ রকম এর আগে কখনো দেখিনি।