বালাগঞ্জ প্রতিনিধি | ২৯ অক্টোবর, ২০১৮
ফাইল ছবি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা সারাদেশে ৪৮ ঘণ্টা ধর্মঘট কর্মসূচিতে বালাগঞ্জে সীমাহীন দুর্ভোগে পড়েছেন জনসাধারণ। তবে শ্রমিকরা শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করছেন।
রোববার ও সোমবার যানবাহন শূন্যতায় সকাল থেকে কর্মস্থলে পৌঁছাতে চরম বিড়ম্বনার শিকার হন জনসাধারণ। তবে এ পর্যন্ত উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি।
উপজেলা সদরের প্রধান দুটি সড়ক বালাগঞ্জ-তাজপুর-সিলেট এবং সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কসহ সবকটি রাস্তায় কোন ধরনের যানবাহন চলাচল লক্ষ্য করা যায়নি। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নিয়মমাফিক তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে।
ধর্মঘট চলাকালে উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় শ্রমিকরা পিকেটিং করেন। উপজেলার স্থানীয় বালাগঞ্জ বাসস্ট্যান্ড, ইলাশপুর, আদিত্যপুর মোরার বাজার ও মাদ্রাসার বাজারে শ্রমিকদের বাধার মুখে ছোট-বড় যানবাহনও চলাচল করতে পারেনি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েন।
বালাগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপজেলা সদরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে টহল দিয়েছে। তবে শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন হয়েছে। উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।