Sylhet Today 24 PRINT

সিলেটে শ্রমিকদের নৈরাজ্যের প্রতিবাদে ‘দায়বন্ধন’ আজ

নিজস্ব প্রতিবেদক |  ৩০ অক্টোবর, ২০১৮

পরিবহন শ্রমিকদের নৈরাজ্য ও তাদের কারণে শিশু মৃত্যুর ঘটনায় বাসযোগ্য সমাজ বিনির্মাণে ব্যর্থ নাগরিকদের ‘দায়বন্ধন’ আজ।

মঙ্গলবার বিকাল ৪টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির ডাক দিয়েছে ‘সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন, সিলেট’।

কর্মসূচি সম্পর্কে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন, সিলেটের আব্দুল করিম কিম বলেন, পরিবহন ধর্মঘটের নামে নজিরবিহীন নৈরাজ্যের সময়ে বিভিন্ন স্থানে পথচারী মানুষের সাথে পরিবহন শ্রমিকরা যে আচরণ করেছে সেটা অনাকাঙ্ক্ষিত ও সভ্য দেশ হলে এই বর্বরোচিত ঘটনাগুলোর দায় মাথায় নিয়ে রাষ্ট্রের পরিচালকরা পদত্যাগ করতেন। দুঃখজনক ব্যাপার হলো আমাদের এখানে দায় নেয়ার কেউ নেই।

তিনি বলেন, পথে পথে অবরোধকারী শ্রমিকদের বাধায় থেমে থাকা অ্যাম্বুলেন্সে মুমুর্ষু শিশুর মায়ের করজোড়ে পথ ছেড়ে দেয়ার মিনতি কেউ শোনেনি। তিনটি শিশু হাসপাতালে পৌঁছানোর সুযোগ পায়নি এই ধর্মঘটে।

নবজাতক শিশুদের মৃত্যুর দায় এই রাষ্ট্রকে নিতে হবে, বলেন কিম।

নবজাতক শিশুদের মৃত্যুর জন্য পরিবহন শ্রমিক নেতাদের হুকুমের আসামী করে অবিলম্বে হত্যা মামলা দায়েরের দাবি, এবং বাসযোগ্য সমাজ বিনির্মাণে দায়বন্ধন শিরোনামের এই কর্মসূচিকে সকল শ্রেণিপেশার মানুষকে অংশ নেওয়ার জন্যে আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.