Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে উদীচীর সুবর্ণজয়ন্তী পালন

মৌলভীবাজার প্রতিনিধি |  ৩০ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারে নানা আয়োজনে গণসংস্কৃতি আন্দোলনের সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) বিকেলে এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিকেলে মৌলভীবাজার স্থানীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কোর্ট রোড, চৌমোহনা এলাকা প্রদক্ষিণ করে শহীদ মিনারে ফিরে আসে।

এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা উদীচীর সহসভাপতি জহরলাল দত্ত।

উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দ আবু জাফর আহমদ, সিপিবি জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন ও উদীচী জেলা কমিটির সহসাধারণ সম্পাদক লোকশিল্পী মীর ইউছুফ।

অনুষ্ঠানে বিভিন্ন সময়ে উদীচীর নেতৃত্বদানকারীদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। উদীচীতে বিশেষ অবদানের জন্য কেন্দ্রীয় উদীচীর পক্ষ থেকে সারা দেশের ৫০ জনকে সম্মাননা জানানো হয়।

আলোচনা ও সম্মাননা প্রদান শেষে উদীচীর শিল্পীরা দলীয় ও জাতীয় সংগীত পরিবেশন করেন। সবশেষে মৌলভীবাজারের সাংস্কৃতিক প্রতিষ্ঠান গান পাঠশালা এবং উদীচী জেলা সংসদের শিল্পীরা পরিবেশন করেন সাংস্কৃতিক অনুষ্ঠান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.