Sylhet Today 24 PRINT

রাজনকে নির্যাতনের আরেকটি ভিডিওচিত্র প্রকাশ : ‘মারো, মারো, কম্পিটিশন করি মারো!’

নিজস্ব প্রতিবেদক |  ১৬ জুলাই, ২০১৫

শিশু সামিউল আলম রাজনকে নির্যাতনের ঘটনায় আরো একটি ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়েছে। ১ মিনিট ৫৮ সেকেন্ডের এই ভিডিওচিত্রে শিশুটিকে আরো বর্বরভাবে নির্যাতন করতে দেখা যায় ঘাতকদের।

এর আগে রাজনকে নির্যাতনের ২৮ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এই ভিডিওটি দেখেই আতকে উঠে সারাদেশের মানুষ। তোলপাড় শুরু হয় দেশজুড়ে।

নতুন প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নির্যাতনের দ্বিতীয় পর্যায়ে সামিউলকে একটি বিপণিবিতানের পেছনে গাড়ির গ্যারেজে নিয়ে বেঁধে রাখা হয়। সেখানে চলে আরেক দফা নির্যাতন। মোট ১ মিনিট ৫৮ সেকেন্ডের ওই ভিডিও দৃশ্যে চৌকিদার ময়না মিয়া ২১ সেকেন্ডে ১২টি চড় মারে সামিউলকে।

ভিডিও দৃশ্যে দেখা গেছে, দুই হাত দিয়ে ময়নার চড় খেয়ে সামিউল চিৎকার করেও কাঁদছিল। তবু ক্ষান্ত হচ্ছিল না ময়না। তখন আশপাশে কামরুল ইসলাম ছাড়াও আরও তিনজন ছিলেন। ময়না তাদের উদ্দেশে বলছিলো, ‘মারো, যে যেভাবে পারো মারো, কম্পিটিশন করি মারো...!’

নতুন এই ভিডিও দৃশ্যের শুরুতে কামরুল রোলার দিয়ে পেটায় রাজনকে। এরপর ময়না দুই হাতে চড় দিতে থাকে। কটূক্তি করতে করতে ভিডিওচিত্রের এক মিনিট তিন সেকেন্ড থেকে ২৪ সেকেন্ড পর্যন্ত থেমে থেমে সামিউলকে চড় দেয় ময়না। এরপর সামিউল পানি খাওয়ার আকুতি জানায়।

সামিউলের সামনে তখন একটি পানির বোতল রেখে লোভ দেখানোও চলে কিছুক্ষণ। দূর থেকে বলা হয়, ‘হা কর...!’। মুখে দূর থেকে পানি দেওয়া হচ্ছিল, সামিউল খাওয়ার জন্য চেষ্টা করছিল। এতে করে পানি মুখে না পড়ে পরনের গেঞ্জিতে গিয়ে পড়ায় একপর্যায়ে সামিউলকে অনেকটা আঁচল পাতার মতো করে গেঞ্জির মধ্যে পানি দেওয়ার আকুতি জানাতে দেখা গেছে।

প্রথম ভিডিওচিত্রে সামিউল ‘পানি খাওয়াও রে-বা!’ বলে আকুতি জানালে ‘পানির বদলা ঘাম খা’ বলে নির্যাতনকারীদের একজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.