বানিয়াচং প্রতিনিধি | ৩১ অক্টোবর, ২০১৮
হবিগঞ্জের বানিয়াচংয়ে ডাকাতির ঘটনা ঘটে ঘটেছে। বুধবার (৩১ অক্টোবর) রাত আড়াইটার দিকে যাত্রাপাশার শিবু মাষ্টারের বাড়িতে এ ডাকাতির ঘটনাটি ঘটে। এসময় ডাকাতরা ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে জানান বাড়িটির মালিক শিবু মাষ্টার।
তিনি জানান, প্রতিদিনের ন্যায় তিনি তার স্ত্রীসহ রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় একদল সশস্ত্র ডাকাত বারান্দার গ্রিলের তালা ও মেইন ঘরের দরজার সিটকানি ভেঙ্গে ঘরে ঢুকে তাদের হাত-মুখ বেঁধে ফেলে। পরে ঘরে থাকার স্টিলের আলমিরা ভেঙ্গে নগদ ৬হাজার টাকা, দুইটা হাতের বালা, কানের দুল, দুইটা মোবাইল ফোন, চেক বই, একটা বলিচ্ছেদের দা ও দুইটা কুবের দা নিয়ে যায়।
শিবু মাস্টার আরো জানান, কোন কিছু বুঝে উঠার আগেই ৭/৮ জন মুখোশ পরিহিত ডাকাত প্রায় আধা ঘণ্টা এ তাণ্ডব চালায়। পরে সকালে ডাকাতির খবর পেয়ে বানিয়াচং থানার এসআই সালাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে এই ডাকাতির সাথে জড়িত সন্দেহে উপজেলার দক্ষিণ যাত্রাপাশার বনমথুরা থেকে দা, রামদাসহ দুই ডাকাতকে আটক করে এলাকাবাসী। আটককৃতরা হলেন, উপজেলার সাগরদীঘি পশ্চিমপাড়ের আহম্মদ আলীর পুত্র সোহাগ মিয়া (২৫) ও একই এলাকার মহসিন মিয়ার পুত্র হৃদয় মিয়া (২২)। আটকের পর তাদেরকে প্রথমে ইউনিয়ন অফিসে নিয়ে আসা হয়। পরে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ এসে দুইজনকে থানায় নিয়ে যায়।
এদিকে কয়েকদিনের ব্যবধানের চুরি,ডাকাতি সংগঠিত হওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন ডাকাতির ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, পুলিশ ডাকাতি রোধে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। দ্রুত এই ডাকাতির সাথে জড়িতদের বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।