নিজস্ব প্রতিবেদক | ৩১ অক্টোবর, ২০১৮
সিলেট নগরীর মেন্দিবাগ থেকে ইয়াবাসহ ২ ব্যক্তিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (৩০ অক্টোবর) রাত পৌনে ৩ টার দিকে মেন্দিবাগস্থ আল ছালিম আবাসিক হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক দুজন হলো- নবীগঞ্জ উপজেলাধীন সুলতানপুর গ্রামের মুনসুর উল্লাহর ছেলে শাহীন মিয়া (৩৩) ও জকিগঞ্জের নূরনগর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে সালমান বিন আকরম (২৪)।
সিনিয়র এএসপি পীযুষ চন্দ্র দাসের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অভিযানটি পরিচালনা করেন।
এ ব্যাপারে র্যাব-৯ এর সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী জানান- আটক দুইজন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা এ পেশার সাথে জড়িত। উদ্ধারকৃত আলামতসহ আটক দুজনকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।