বড়লেখা প্রতিনিধি | ৩১ অক্টোবর, ২০১৮
মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬২ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩১ অক্টোবর) বেলা দুইটায় বড়লেখা পৌরশহরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশনের দায়ে ভোক্তা অধিকার আইনের ২০০৯-এর বিভিন্ন ধারায় বৈশাখী রেস্টুরেন্টকে ৪০ হাজার, জনতা মিষ্টি ঘরকে ১৫ হাজার, উজানভাটি রেস্টুরেন্টকে ৫ হাজার, পুষ্প মিষ্টি ঘরকে ২ হাজার এবং গোবিন্দাস রেস্টুরেন্টকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন জরিমানার বিষয়টি নিশ্চিত করে বুধবার বিকেলে বলেন, ‘ভবিষ্যতে যাতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশন না করা হয়, সেজন্য এসব ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।’