Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় রাজাপুর সেতুর নির্মাণ প্রকল্পের উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধি |  ০১ নভেম্বর, ২০১৮

অবশেষে বহুল প্রতীক্ষিত মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদের ওপর ‘রাজাপুর সেতু’ নির্মাণ কাজের উদ্বোধন করা হল। বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকেলে কুলাউড়ার পৃথিমপাশা-হাজিপুর-শরীফপুর মধ্যবর্তী মনু নদের উপর রাজাপুর এলাকায় এই সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন ও মৌলভীবাজার ২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মতিন।

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শালিকা এলাকায় একনেকে অনুমোদিত বাংলাদেশ সরকারের ব্যয় ৯৯ কোটি ১৭ লাখ টাকার এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।

এর আগে চলতি বছরের ৭ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর সভায় এই প্রকল্পসহ মোট ১১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ছয় হাজার ৪৪৮ কোটি ১৪ লাখ টাকা।

এসময় সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেণু, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌরা দে, ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নবাব আলী বাকর খান, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান প্রমুখ।

এদিকে বহুল প্রতীক্ষিত সেতু প্রকল্প উদ্বোধনের পর থেকে পৃথিমপাশা, হাজিপুর, শরীফপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। দীর্ঘদিনের এই দাবী পূরণ হওয়ায় তারা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন বলে স্থানীয়রা জানান।

উল্লেখ্য, প্রকল্পের মেয়াদ চলতি বছরের জুলাই থেকে ২০২১ এর জুন পর্যন্ত। এ প্রকল্পের মূল উদ্দেশ্য সম্পর্কে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে জানানো হয়, কুলাউড়া-পৃথিমপাশা-হাজিপুর-শরীফপুর সড়কের ১৪ কিলোমিটারে ২৩২.৯৪ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু (রাজাপুর সেতু) ও ৭.৫০ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে উন্নত ও নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.