শ্রীমঙ্গল প্রতিনিধি | ০১ নভেম্বর, ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে ঢাকা গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা করেন।
এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরোমে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট আওয়ামীলীগ নেতা রণধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, বাংলাদেশ পল্লি বিদ্যুৎ সমিতির নির্বাহী পরিচালক অরুণ কুমার চৌধুরী, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র এ এসপি আশরাফুজ্জামান, মৌলভীবাজার পল্লি বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক শিবু লাল বসু ও এজিএম এমএস শ্যামল চন্দ্র ঘোষসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫শতাধিক লোক।
পাহাড়, চা বাগান, হাওর বেষ্টিত এই উপজেলায় এক হাজার ৩শত ৬৫ কিলোমিটার বিদ্যুৎ লাইন টেনে প্রায় ৭০ হাজার গ্রাহকের মধ্যে বিদ্যুৎ বিতরণ করা হয়েছে।