Sylhet Today 24 PRINT

ছাতক-দোয়ারায় লাঙ্গলের ব্যালট বিপ্লব ঘটবে: জাহাঙ্গীর আলম

ছাতক প্রতিনিধি |  ০৪ নভেম্বর, ২০১৮

সুনামগঞ্জ ৫ (ছাতক ও দোয়ারা) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারায় লাঙ্গলের ব্যালট বিপ্লব ঘটবে। ছাতক-দোয়ারার লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে জেগে উঠেছে। তারা এসব থেকে পরিত্রাণ পেতে চায়।

রোববার (৪ নভেম্বর) বিকাল ছাতক উপজেলার সিরাজগঞ্জ বাজারে সিংচাপইড় ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোয়ারা বাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. জাহাঙ্গীর আলম আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতো না তেমনি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের জন্ম না হলে এদেশের উন্নয়ন হতো না।

তিনি বলেন, এরশাদের শাসনামল পরবর্তীতে বার বার সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। তাই আবারো দেশের উন্নয়নের জন্য আগামীতে লাঙ্গল প্রতীককে বিজয়ী করে এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে এককভাবে রাষ্ট্রক্ষমতায় নিয়ে যেতে হবে।

সিংচাপইড় ইউনিয়ন জাতীয় পার্টির সহসভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য জাহিদ হাসান পাপনের যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলতাফুর রহমান আলতাব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মরতুজা আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক (জালালাবাদ প্রাদেশিক) ইসমাইল আলী আশিক, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ফারুক, ছাতক উপজেলা জাপার প্রচার সম্পাদক ডা. খলিলুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুস ছালিক মিলন তালুকদার, দোয়ারাবাজার উপজেলা জাপা নেতা মোহাম্মদ আলী মিলন, ছাতক উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মনির মিয়া, সিংচাপইড় ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জাপা নেতা ডা. আব্দুল আহাদ, রুস্তম আলী, সেলিম উদ্দিন প্রমুখ।

বক্তব্যে বক্তারা সুনামগঞ্জ ৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টিকে বিজয়ী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মো. জাহাঙ্গীর আলমকে লাঙ্গল প্রতীকে মনোনয়ন দেওয়ার আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.