Sylhet Today 24 PRINT

শিক্ষক হত্যাচেষ্টাকারীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০১৮

সিলেট শহরতলীর জালালাবাদ থানার মইয়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন রাজা ও সাহেদ আহমদ এবং খালেদ আহমদের হত্যাচেষ্টাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে রোববার (৪ নভেম্বর) মানবন্ধন কর্মসূচী পালন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দুপুর ১টায় বিদ্যালয়ের সামনে সিলেট তেমুখি-বাদাঘাট সড়কে এই কর্মসূচী পালন করেন কয়েক শত শিক্ষার্থী। কর্মসূচীতে মইয়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয় ছাড়াও পাশ্ববর্তী স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, আকবর হোসেন রাজা এলাকায় শিক্ষা বিস্তারে মইয়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় দীর্ঘ দিন থেকে কাজ করছেন। একই  গ্রামের চিহ্নিত মামলাবাজ তইয়ব আলী একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিদ্যালয়ের অগ্রযাত্রাকে পিছিয়ে দিচ্ছিলো। সর্বশেষ তার দায়ের করা অন্তত ১০ টি মামলার রায় বিদ্যালয়ের পক্ষে আসে। এরপর সরকারি উদ্যোগে ঐ বিদ্যালয়ে ভবন নির্মাণ হয়েছে। বিদ্যালয়ের মামলায় পরাজিত হয়ে আকবর হোসেন রাজার বাড়ির ভুমি নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠে মামলাবাজ তইয়ব আলী। একইভাবে গত ২৬ অক্টোবর সরকারি অর্থায়নে বাড়ির রাস্তা পাকাকরণের কাজ শুরু হলে তইয়ব আলীর সন্ত্রাসীপুত্র মাছুম ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালিয়ে আকবর হোসেন রাজাসহ তার অপর দুই ভাই সাহেদ আহমদ ও খালেদ আহমদকে গুরুতর আহত করে। এরমধ্যে সাহেদ আহমদের শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। বক্তারা অনতি বিলম্বে শিক্ষক পরিবারের এই তিন সদস্যকে এক সাথে হত্যার চেষ্টাকারীদের অনতি বিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মইয়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ করিম উল্লাহ হেলাল। বক্তব্য রাখেন টুকের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সুমন আহমদ। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন বকুল রানী সরকার, মোঃ আমিরুল ইসলাম। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেণীর ছাত্র ফাতেমা তুজ জোহরা, আকলিমা বেগম, মারুফ আহমদ, সাব্বির আহমদ। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন যুবনেতা বিরাম আহমদ, বকুল মিয়া, মনোয়ার হোসেন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন আমির হামজা। সমাবেশ থেকে অনতিবিলম্বে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.