Sylhet Today 24 PRINT

ষড়যন্ত্র উপেক্ষা করে এগিয়ে চলছে বঙ্গবন্ধুর সোনার বাংলা: হুইপ শাহাব উদ্দিন

বড়লেখা প্রতিনিধি |  ১৬ জুলাই, ২০১৫

জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে এগিয়ে চলছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। একসময় বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি হিসেবে সারা বিশ্বে নিন্দিত হতো। যারা বলতেন, তাদের বিশ্বাস ছিল বাংলাদেশ কখনো উন্নত দেশ হতে পারবে না। সাহায্যের জন্য বিদেশিদের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে হবে। তাদের সে ধারণাকে ভুল প্রমাণ করে, স্বাধীন সার্বভৌম এ দেশটি সামনের দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে।

হুইপ বলেন, বাংলাদেশ এখন আর সাহায্যের জন্য বিদেশিদের দিকে হাঁ করে থাকিয়ে থাকে না। শেখ হাসিনার প্রজ্ঞা আর পরিশ্রমের কারণে বাংলাদেশ একটি স্বনির্ভর দেশে পরিণত হয়েছে। যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত করেছিলেন, তারাই আজ বলছেন- বাংলাদেশ এক মিরাকল। মানুষ আজ বলতে বাধ্য- সঠিক পথে এগিয়ে চলছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।
তিনি বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির কুমারশাইল ও ফতেহাবাদ চা বাগানের ২৩৭টি চা শ্রমিক পরিবারের মাঝে প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রতিটি পরিবারের মাঝে ৪৫ কেজি চাল, ১৫ কেজি আটা, ১৫ কেজি আলু, ৬ কেজি ডাল, ৬লিটার সয়াবিন তৈল, ৬টি সাবান, ১টি শাড়ী ও ১টি করে লুঙ্গি প্রদান করা হয়।

সভায় সমাজসেবক মদরিছ আলীর সভাপতিত্বে ও ইউপি যুবলীগ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আকবর হোসেন, ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুল খালেক, সম্পাদক আবুল হোসেন আলম, জালাল উদ্দিন মাস্টার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.