Sylhet Today 24 PRINT

মাধবপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ০৯ নভেম্বর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরের কমলপুরে লাকী আক্তার (২৭) নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। লাকী পিতার দাবি তার মেয়েকে হত্যা করেছে স্বামীর বাড়ির লোকজন।

শুক্রবার বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামে এই ঘটনা ঘটে। লাকী আক্তার ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী ফরিদ মিয়ার স্ত্রী এবং একই গ্রামের ফয়েজ মিয়ার মেয়ে।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মুখলেছুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, লাকী আক্তার মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন লাকীর স্বামীর বাড়ির লোকজন জানান, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু মরদেহটি তখন ঝুলন্ত ছিল না।
তিনি আরো জানান, মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে লাকীর পিতা ফয়েজ মিয়া জানান, একই গ্রামের ফজলু মিয়ার ছেলে ফরিদ মিয়ার সাথে তার মেয়ের বিয়ে দেন। বিয়ের পর থেকেই স্বামীর পরিবারের লোকজন তার মেয়েকে নানাভাবে হয়রানি করতো। শুক্রবার সকালেও তাদের মাঝে ঝগড়া হয়। ফয়েজ মিয়ার দাবি তার মেয়েকে স্বামীর বাড়ির লোকজন হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.