Sylhet Today 24 PRINT

দুয়ারে ঈদ : শেষ মুহুর্তের কেনাকাটায় ব্যস্ত শ্রীমঙ্গলের ক্রেতারা

সনেট দেব চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৭ জুলাই, ২০১৫

এক মাস সিয়াম সাধনার পর সাধ আর সাধ্যের ভেতরে নতুন কাপড় পরে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মৌলভীবাজার জেলার পর্যটন নগরী ও চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে অভিজাত শপিং সেন্টার, বিপণিবিতান আর দেশীয় ব্যান্ডের শো-রুমগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়।

দুয়ারে কড়া নাড়ছে ঈদ; তাই খুব বেশি যাচাই-বাছাইয়ের ফুসরত নেই! ঝটপট পরিবারের সকলের চাহিদার জিনিসগুলো কিনতে হবে! গেল কদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত পছন্দের পোষাকের সন্ধানে ক্রেতারা ছুটছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে।

খুশীর এই ঈদকে ঘিরে নতুন পোষাকে নিজেকে সাজাতে ইতোমধ্যে শুরু হয়ে গেছে কেনাকাটার ধুম। নিজেদের পছন্দের পোষাক, শাড়ী, কসমেটিকস ও জুতার জন্যে পরিবার-পরিজন নিয়ে সবাই ছুটে যাচ্ছেন মার্কেটগুলোতে।

এদিকে, ঈদকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে শহরের অভিজাত শপিং সেন্টারগুলো। শহরের শাপলা সুপার মার্কেট, সোনালী মার্কেট, মিদাদ শপিং সিটি, এমবি ও বিলাস এর মতো বড় বড় শপিং সেন্টারগুলোতে সকাল থেকে গভীর রাত অবধি ক্রেতাদের ভিড় বেড়েই চলেছে দিনদিন।

ঈদের বাজারে মহিলাদের প্রথম পছন্দ শাড়ী আর তরুণীদের সেলোয়ার কামিজ। মার্কেটগুলোতে বাহারী ড্রেসের মধ্যে কিরণমালা, দাবাং, সানিয়া জর্জেট ও ক্রেপ শাকিরার জনপ্রিয়তা আকাশচুম্বি। আর তরুণীদের পছন্দ দেশীয় ব্রান্ডের সালোয়ার কামিজ। পাশাপাশি ভারতীয় নায়িকাদের নামে থ্রিপিছের কদর এবারও কমেনি।

ঈদে পছন্দের পোষাকের সাথে চুড়ি, কসমেটিকস ও মানানসই জুতার কিনতে মিনি সুপার মার্কেট, বিপণি বিতানগুলোতে হুমড়ি খেয়ে পরছেন ক্রেতারা।

মৌলভীবাজারক প্রবাসী অধ্যুষিত জেলা। এ জেলার কয়েক লাখ মানুষ বসবাস করেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইটালীসহ ইউরোপের বিভিন্ন দেশে। ফলে বছরের এই একটি মাসে নিজেদের পরিবার পরিজন নিয়ে রোজা ও ঈদের ছুটি কাটাতে অনেকই ছুটে আসেন পৈত্রিক নিবাসে। আর ঈদের কেনাকাটায় প্রবাসী ক্রেতাদের উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করে।

তবুও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে উচ্চবিত্ত, মধ্যবিত্ত অথবা স্বল্পআয়ের মানুষ ছুটছেন নিজেদের সাধ আর সাধ্যের মধ্যে ঈদের কেটাকাটা সেরে নিতে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.