Sylhet Today 24 PRINT

রাজন হত্যাকারীরা জানোয়ার, প্রত‌্যক্ষদর্শীদেরও বিচার হবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুলাই, ২০১৫

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাজনকে যারা হয‌্যা করেছে এরা জানোয়ার। এদের মনে মনে দয়া মায়া নেই। দ্রুততম সময়ের মধ্যে এদের শাস্তি নিশ্চিত করা হবে।

আজ শুক্রবার দুপুরে নিহত সামিউল আলম রাজনের কান্দিগাওস্থ বাড়িতে গিয় এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, একটি ছেলেকে প্রকাশ্যে হত্যা করা হলো অথচ কেউ এগিয়ে এলো না। কেউ প্রতিবাদ করলো না। কেবল ঘাতক নয়, এ ঘটনার প্রত্যক্ষদর্শীদেরও বিচার করা হবে।

এই হত্যা মামলার প্রধান আসামী কামরুলের বিদেশ পালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, কামরুলকে পালিয়ে যেতে যারা সহযোগীতা করেছে তারাও রেহাই পাবে না। তাদের বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, বাংলাদেশ থেকে কামরুলকে পালিয়ে যেতে সহযোগীতা করা হয়েছে। কেউ আটক করেনি। অথচ সৌদি প্রবাসীরা তাকে আটক করেছেন। প্রবাসীদের এই ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ঈদের পরই কামরুলকে দেশে ফিরিয়ে আনা হবে।

এসময় অর্থমন্ত্রী রাজনের বাবা-মাকে সরকারী তহবিল থেকে ৫ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন। রাজনের ছোট ভাইয়ের পড়ালেখা ও পুরো পরিবারের ভবিষ্ণতের জন্য এ অনুদান প্রদান করেন বলে জানান তিনি।

শুক্রবার দুপুরে রাজনের বাড়িতে যান অর্থমন্ত্রী। রাজেনর বাবা-মাকে স্বান্তনা জানিয়ে সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সাধারণ সমআদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.