Sylhet Today 24 PRINT

সিলেটে কর মেলার প্রথম দিনে ২ কোটি ৩৫ লাখ টাকা আদায়

নিজস্ব প্রতিবেদক |  ১৩ নভেম্বর, ২০১৮

কর অঞ্চল সিলেটে আয়কর মেলার প্রথম দিনে ২ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার ৭৫০ টাকা আদায় করা হয়েছে। দিনব্যাপী মেলা প্রাঙ্গন থেকে সেবা নিয়েছেন ৯৮১ জন করদাতা। নতুন ইটিআইএনধারী হয়েছেন ৪০ জন।

সিলেট কর অঞ্চলের উপ কর কমিশনার কাজল সিংহ এ তথ্য নিশ্চিত করে জানান, এবার মেলা থেকে ৪৫ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। গত বছর আদায় ছিল ৪১ কোটি টাকা ও  দাখিলকৃত রিটার্ণের সংখ্যা ছিল  ৮ হাজার ৫৯৯। এবার এই লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদি তারা।  

মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় নগরের রিকাবিবাজার মোহাম্মদ আলী জিমনেশিয়ামে সাতদিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন হয়। আগামি ১৯ নভেম্বর পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত মেলায় সেবার দ্বার খোলা থাকবে বলেন সংশ্লিষ্টরা।

২০১৮-১৯ অর্থ বছরে  ৮৫২ দশমিক ৯৮ কোটি লক্ষ্যমাত্রা আদায়ের লক্ষ্য নিয়ে অর্থ বছর শুরু করে সিলেট কর অঞ্চল। অর্থ বছরে সিলেটে ১৮ হাজার নতুন ইটিআইএনধারী করার লক্ষ সিলেট কর অঞ্চলের।  আগামি অক্টোবর পর্যন্ত  লক্ষ্যমাত্রা পূরণের সময়সীমা থাকলেও এরইমধ্যে নতুন ইটিআইএনধারী  ৬ হাজার ছাড়িয়ে গেছেন, জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এরআগে সকালে বর্ণাঢ্য পরিবেশে আয়কর মেলা-২০১৮ এর উদ্বোধন হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ট্যাক্সেস লিগ্যাল এন্ড এনফোর্সমেন্ট) মো. সিরাজুল ইসলাম মেলার উদ্বোধন করেন। সিলেটের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মেজবাহ উদ্দিন চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি  মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ কমিশনার  গোলাম কিবরিয়া, চেম্বার অব কমার্স সভাপতি খন্দকার সিপার আহমদ, কর আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।

সংশ্লিষ্টরা জানান, ২২টি সার্কেল দ্বারা গঠিত সিলেট কর অঞ্চলে এবার মেলায় ২৩ টি সার্ভিস ডেস্ক, ৩টি ইটিআইএন, রিটার্ন গ্রহণ, সঞ্চয়ী ব্যুরো, আইনজীবী, ব্যাংক বুথের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। এছাড়া মুক্তিযোদ্ধা, মহিলা প্রতিবন্দ্বী ও সাংবাদিকদের জন্য প্রথক বুথ করা হয়েছে মেলায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.