Sylhet Today 24 PRINT

ঈদ মুবারক

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুলাই, ২০১৫

শাওয়ালের চাঁদ দেখা গেছে। শনিবারই পালিত হবে ঈদ। সবাইকে ঈদ মুবারক।

শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির এ ঘোষণার সঙ্গে সঙ্গে বাড়িতে বাড়িতে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি।

সন্ধ্যার পর থেকে পাড়ায় পাড়ায় মসজিদে সাইরেন বাজিয়ে, মাইকে ঘোষণা দিয়ে প্রচার করা হচ্ছে চাঁদ দেখার সুসংবাদ।

চাঁদ দেখা যাওয়ার সংবাদে রাতে শেষ মূহূর্তের কেনাকাটায় হুমড়ি খেয়ে পড়েছেন নগরবাসী।

শাওয়ালের চাঁদ দেখা দেওয়ায় এবার হিজরি সালের রমজান মাস শেষ হল ২৯ দিন।


সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন জেলার অর্ধশত গ্রামে শুক্রবার ঈদ উদযাপিত হয়।

সিলেটে কোথায় কখন ঈদের জামাত : নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতের আগে বয়ান করবেন বন্দরবাজার কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মুস্তাক খান এবং ঈদের জামাতের ইমামতি করবেন ইমাম ও খতিব মাওলানা আব্দুল করিম।

হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গনে ঈদুল ফিতরের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আশজদ আহমদ।

এদিকে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী।

টিলাগড় শাহ মাদানী ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। টিলাগড় কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি বোরহান উদ্দিন এ জামাতে ইমামতি করবেন।

কুশিঘাটস্থ গাজী বোরহান উদ্দিন (রহ.) মাজার ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমমিতি করবেন বোরহান উদ্দিন (রহ.) মাজার মসজিদের ইমাম।

দরগাহে হযরত শাহ পরান (রহ.) মাজার ইদগাহে ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। দক্ষিণ গাছ হোসাইনিয়া মাদরাসার মুহতামিম মাওলানা লুৎফুর রহমান জামাতে ইমামতি করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.