Sylhet Today 24 PRINT

মামলাবাজ চক্রের কবল থেকে পরিবারকে রক্ষার দাবি

কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ক্ষুদ্র ব্যবসায়ী

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৫ নভেম্বর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা এলাকার বাসিন্দা মো. শামসুদ্দিন চৌধুরী এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিবার নিয়ে এলাকায় শান্তিতে বসবাসের নিশ্চয়তা চেয়েছেন।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মো. শামসুদ্দিন চৌধুরী ও তার ছেলে এরফান উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, এলাকার একটি সংঘবদ্ধ চক্রের দায়েরকৃত একের পর এক হয়রানিমূলক মিথ্যা মামলার কারণে এলাকায় তাদের স্বাভাবিক জীবনযাপন বিপন্ন হয়ে পড়েছে।

স্থানীয় এক প্রভাবশালী জনপ্রতিনিধির ছত্রছায়ায় থাকা এই চক্রটির নেতা কালা মিয়া তার আপন বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে দুই বোন, এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী সামসুদ্দিন চৌধুরীসহ এলাকার বিভিন্ন লোকজনের বিরুদ্ধে এ পর্যন্ত কমলগঞ্জ থানা ও মৌলভীবাজার আদালতে মোট ৬টি মামলা করেছেন, যার মধ্যে তিনটি মামলা ইতিমধ্যে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। অপর মামলাগুলোও তদন্তাধীন আছে। মামলা মোকদ্দমার কারণে তিনি যেমন অহেতুক হয়রানির শিকার হচ্ছেন তেমনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি বলেন, মামলা করেই শুধু সে ক্ষান্ত নয়, নানা প্রকার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রাখায় তিনি ও তার পরিবারের সদস্যরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ও তার পরিবারকে মিথ্যা মামলার হাত থেকে রক্ষা ও এলাকায় শান্তিতে বসবাসের নিশ্চয়তা বিধানের জন্য প্রশাসনসহ সর্বমহলের সহযোগিতা চেয়েছেন।

বিষয়টি নিয়ে মুঠোফোনে অভিযুক্ত কালা মিয়ার বক্তব্য জানতে চাইলে তিনি তার উপর আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার কথা বললাম আপনাদের যা ইচ্ছে হয় তাই লিখেন।

আদমপুর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য হাজী আলমগীর হোসেনের সাথে আলাপকালে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সামসুদ্দিন চৌধুরী একজন ভাল মানুষ। অহেতুক মিথ্যা মামলা করে তাকে হয়রানি করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.