Sylhet Today 24 PRINT

গউছের উপর হামলা : হবিগঞ্জে শান্তিপূর্ণ হরতাল

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৯ জুলাই, ২০১৫

কারাগারের ভেতরে সাবেক পৌর মেয়র জি কে গউছের উপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে ডাকা আধাবেলা হরতাল কোনো ধরনের গোলযোগ ছাড়াই শেষ হয়েছে।

হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত এই মেয়রের উপর হামলার পর জেলা বিএনপি এই কর্মসূচি ডেকেছিল। গউছ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী হিসেবে কারাবন্দি আছেন।

হামলার প্রতিবাদে ডাকা হরতালে রোববার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। শহর থেকে দূরপাল্লার কোনো বাসও ছাড়েনি।

শহরের বিভিন্ন স্থানে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পিকেটিং, পথসভা ও মিছিল করে। পথসভায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, পৌর বিএনপি সভাপতি আমিনুর রশীদ এমরান বক্তৃতা করেন।

ঈদের দিন শনিবার সকালে হবিগঞ্জ জেলা কারাগারে আরেক বন্দি জি কে গউছকে লোহার রড দিয়ে আঘাত করেন বলে কারা কর্মকর্তারা জানিয়েছেন।

চিকিৎসার জন্য তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

হামলার প্রতিবাদে সারা জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়েছিল বিএনপি। তবে ঈদে জনদুর্ভোগের কথা বিবেচনা করে পরে কর্মসূচি সংক্ষিপ্ত করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.