Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি |  ২১ নভেম্বর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১২ টায় কমলগঞ্জ থানা পুলিশ মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১টি পাইপগানসহ ২ রাউন্ড কার্তুজ ও ৩টি রাম দা উদ্ধার করা হয়।

চারজনকে গ্রেপ্তারের পর তাদের স্বীকারোক্তিতে হবিগঞ্জের পুরাণ বাজারের উত্তম শিল্পালয়ে অভিযান চালিয়ে হবিগঞ্জ থানার নোয়াহাটি গ্রামের দিলীপ দেবের ছেলে মিঠুন দেব (৩২) এর স্বর্ণের দোকান থেকে চোরাইকৃত ২ ভরি ৭ আনা গলানো স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। তাদেরকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুলাউড়া উপজেলার পাবই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আব্দুল মজিদ (২৭), কমলগঞ্জ উপজেলার কালিপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে সোলেমান মিয়া (৩২), কমলগঞ্জ উপজেলার বাগমাড়া গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে আলআমিন (৩০) ও কুলাউড়া উপজেলার বাগজোড় গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে আছকির আলী (৩১)।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে রাতে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান শুরু করে। মৌলভীবাজারে বিভিন্ন থানায় গ্রেপ্তারকৃত আসামী আব্দুল মজিদ (২৭) এর বিরুদ্ধে ৪ টি, সোলেমান মিয়া (৩২) এর বিরুদ্ধে ৫ টি, আল-আমিন (৩০) এর বিরুদ্ধে ৭ টি এবং আছকির আলী (৩১) এর বিরুদ্ধে ৩ টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে । অস্ত্র উদ্ধারের ঘটনায় কমলগঞ্জ থানার ওসি তদন্ত সুধীন চন্দ্র দাস বাদী হয়ে একটি মামলা (নং ১২) দায়ের করেন।

পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্য মতে কমলগঞ্জের আলিনগর চা বাগানের স্টাফ আবু তালেব বাবুল এর বাসায় সংঘটিত ডাকাতিকালে লুণ্ঠিত চোরাইকৃত ২ ভরি ৭ আনা গলানো স্বর্ণ উদ্ধার করা হয়। অভিযানে পুলিশ উত্তম শিল্পালয়ের মালিক মিটন দেবনাথকে আটক করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ৪ ডাকাতকে বুধবার দুপুর ২ টায় মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.