Sylhet Today 24 PRINT

নদীতে গোসল করতে নেমে ফেঞ্চুগঞ্জে স্কুলছাত্রী নিখোঁজ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ২৫ নভেম্বর, ২০১৮

সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে তান্নি বেগম (১১) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। রোববার (২৫ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটে বলে জানা যায়।

তান্নি উপজেলার হাজী করম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ও পশ্চিম মল্লিকপুর গ্রামের শহিদুল ইসলাম সদু মিয়ার মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, তান্নি রোববার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে কুশিয়ারা নদীতে গোসল করতে নামে। তারপর থেকেই সে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ও সিলেটের দমকল বাহিনীর ডুবুরি দল এসে তান্নির সন্ধানে নদীতে নামে।

টানা কয়েক ঘণ্টা দমকল বাহিনীর ডুবুরি দল চেষ্টা করেও তান্নির সন্ধান না পেয়ে এক পর্যায়ে দিনের আলো কমতে থাকলে ডুবুরীদল উদ্ধার কাজ স্থগিত করে।

উদ্ধারকারী দলের টিম লিডার মিজানুর রহমান জানান, অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করবেন। আগামীকাল (সোমবার) সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হবে।

এ দিকে তলিয়ে যাওয়া তান্নির খোজে কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছেন স্থানীয়রাও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.