Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৭ নভেম্বর, ২০১৮

সুনামগঞ্জে মাদক নিয়ন্ত্রণ আইনে তাহের মিয়া নামে এক হেরোইন ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত তাহের মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ফরমানপুর গ্রামের তমুজ উদ্দিন তমুর ছেলে।

সোমবার সকালে অতিরিক্ত জেলা দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলায় অপর তিন আসামী তাহিরপুর উপজেলার আনন্দ বাজারের আব্দুল আজিজের ছেলে আব্দুল কুদ্দস, একই উপজেলার বাকমা গ্রামের তোরাব আলীর ছেলে ইউনুছ মিয়া, আলাল উদ্দিনের ছেলে মো. আব্দুল্লাহকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, র‌্যাব-৯ এর একটি দল ২০১০ সালের ১৩ জুলাই দুপুরে সুনামগঞ্জ শহরের হক হোটেল এন্ড রেস্টুরেন্ট হতে ২০০ গ্রাম হেরোইনসহ তাহের মিয়াসহ ওই চারজনকে গ্রেপ্তার করে। পরে র‌্যাব-৯ এর ডিএডি মো. মকবুল হোসেন বাদী হয়ে এই দিন ৪ জনকে আসামী করে সুনামগঞ্জ সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

২১ অক্টোবর মামলাটি আমলে নেয় আদালত। পরে পুলিশ আদালতে ওই মামলার অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি পর সোমবার এই রায় ঘোষণা করেন আদালত। রায়ে আসামী তাহের মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মামলার অপর তিন আসামী আব্দুল কুদ্দুস, ইউনুছ মিয়া ও মো. আব্দুল্লাহকে বেকসুর খালাস প্রদান করা হয়। একই সাথে জব্দকৃত ২০০ গ্রাম হেরোইন ধ্বংস করার আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামী তাহের মিয়া পলাতক ছিল। তবে বেকসুর খালাস পাওয়া তিনজন আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এডিশনাল পি.পি অ্যাড. সৈয়দ জিয়াউল হক এবং আসামীপক্ষের আইনজীবী ছিলেন, অ্যাড. হাসান মাহবুব সাদী ও অ্যাড. অরুনাভ দাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.