নিজস্ব প্রতিবেদক | ২৭ নভেম্বর, ২০১৮
একসাথে সিলেটে ফিরলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের বড় দুই জোটের প্রার্থী ড. একে আব্দুল মোমেন ও খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ বিমানের ৪০১ ইএ ফ্লাইটে সিলেটে পৌঁছান তারা।
বিএনপির প্রার্থী হিসেবে অনেকদিন থেকেই মাঠে তৎপর সিলেটের সাবেক সাংসদ খন্দকার আব্দুল মালিকের ছেলে মুক্তাদির। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ভাই ড. একে আব্দুল মোমেনও অনেক দিন থেকে মাঠে রয়েছেন।
মনোনয়ন পাওয়া নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তে নির্বাচনে অংশগ্রহণের লক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। মনোনয়ন পাওয়ার পর সিলেট-১ আসনের বিএনপির নেতাকর্মীরা একতাবদ্ধ আছে জানিয়ে তাকে মনোনয়ন দেয়ায় তিনি তৃণমূলের নেতাকর্মী ও জনগণকে সঙ্গে নিয়ে বেগম খালেদা জিয়াকে এ আসনটি উপহার দিবেন বলে জানান।
সিলেটে পৌঁছার পর ড. একে আব্দুল মোমেন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শাহজালাল (র.), শাহপরান (র.) ও গাজী বোরহান উদ্দিন (র.) মাজার জিয়ারত শেষে তার রায়নগরস্থ পারিবারিক গোরস্থান জিয়ারত করার কথা রয়েছে। জিয়ারত শেষে তিনি তার বাসভবন হাফিজ কমপ্লেক্সে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন বলে দলীয় সুত্র জানিয়েছে।