Sylhet Today 24 PRINT

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৭ নভেম্বর, ২০১৮

হবিগঞ্জের লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণ আনতে পুলিশ ২০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) সকালে লাখাই উপজেলার স্বজনগ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়াদি নিয়ে উপজেলার ১নং লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেনের সাথে আওয়ামী লীগ নেতা মারাজ মিয়ার বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকালে তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে দু’পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় ২ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। এছাড়া বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.