Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ-৫: বিএনপির মনোনয়ন পেলেন মিলন ও মিজান

নিজস্ব প্রতিবেদক |  ২৭ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে তাদের দুজনকেই মনোনয়নের চিঠি দেওয়া হয়।

কলিম উদ্দিন আহমদ এই আসনে প্রথম সাংসদ হন ১৯৮৮ সালে। এরপর ১৯৯৬ সালে এবং ২০০১ সালের আবার সাংসদ নির্বাচিত হন তিনি।

মিজানুর রহমান চৌধুরী ২০০৮ সালের নির্বাচনেও বিএনপির দলীয় মনোনয়ন চেয়েছিলেন। ২০০৯ সালে ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

এই আসনে বর্তমান সাংসদ আওয়ামী লীগের মুহিবুর রহমান মানিক। তিনি আবারও দলীয় মনোনয়ন পেয়েছেন।

এই আসন জেলার ছাতক ও দোয়ারাবাজার উপজেলার একটি পৌরসভা ও ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ১৯৭ জন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হন মুহিবুর রহমান মানিক। তিনি পেয়েছিলেন ১ লাখ ৬২ হাজার ১০৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কলিম উদ্দিন আহমদ মিলন পেয়েছিলেন ৮৩ হাজার ৭৮ ভোট। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে এখানে আবার সাংসদ নির্বাচিত হন মুহিবুর রহমান মানিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.