Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুলাউড়া প্রতিনিধি |  ২৭ নভেম্বর, ২০১৮

কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে পৌর শহরের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা, বিলবোর্ড অপসারণ ও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ, সহকারী কমিশনার (ভূমি) সাদি-উর রহিম জাদিদ এই দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মুসা এবং ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর সহযোগিতায় শহরের দক্ষিণবাজার থেকে উত্তরবাজার পর্যন্ত সড়কের পাশে অবৈধভাবে বসা ফলের দোকান, সিএনজি স্ট্যান্ড, চায়ের দোকানসহ প্রায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়াও বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়।

অভিযানে দক্ষিণবাজারের ব্যবসায়ী হাজী হারিস মিয়াকে দু’শত টাকা, উত্তরবাজারের মালিক ট্রের্ডাসকে সরকারি জায়গায় দোকানের রড রাখায় এক হাজার টাকা, ব্যবসায়ী নুরুল ইসলাম ও সিদ্দেক মিয়াকে চারশত টাকা জরিমানা করা হয়। অভিযানে সড়কে অবৈধভাবে বাস রেখে যাত্রী উঠা-নামা করার দায়ে বাসের চালক রুবেল আহমদ ও সহকারী রাজু মিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়। উত্তরবাজারে অবৈধভাবে স্থাপিত সিএনজি-অটোরিকশা শ্রমিক কার্যালয় উচ্ছেদ করা হয়।

ভ্রাম্যমাণ অভিযান পরিচালনার খবর পেয়ে শহরের সড়ক ও ফুটপাত দখল করে থাকা সিএনজি-অটোরিকশার অবৈধ স্ট্যান্ড থেকে তাৎক্ষনিক গাড়িগুলো উধাও হয়ে যায়। অভিযান পরিচালনা করার সময় স্থানীয় ডাকবাংলো সংলগ্ন সড়কের পাশে ড্রেন পরিস্কার করে কাঁটাতারের বেড়া দিয়ে জায়গাটি সুরক্ষিত করার জন্য কুলাউড়া পৌর কর্তৃপক্ষকে নির্দেশ দেন সহকারি কমিশনার (ভূমি) সাদি-উর রহিম জাদিদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল লাইছ বলেন, আমাদের এ অভিযান শুরু হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। সরকারি জায়গায় ও ফুটপাত দখল করে কোনো অবৈধ স্থাপনা তৈরি করলে প্রশাসন তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.