Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল

মাধবপুর প্রতিনিধি |  ২৭ নভেম্বর, ২০১৮

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন চিঠি পেয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি শিল্পপতি সৈয়দ মো. ফয়সল।

মঙ্গলবার (২৭ নভেম্বর) রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তার হাতে মনোনয়নের চিঠি তুলে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় কার্যালয়ের বাইরে তার নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়ন চিঠি হাতে পাওয়ার নেতাকর্মীরা উল্লাস করেন।

গত ১৩ নভেম্বর হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট) নির্বাচনী আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি শিল্পপতি সৈয়দ মো. ফয়সল। ১৫ নভেম্বর বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীর হাতে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সৈয়দ মো. ফয়সল বলেন, ‘সব সময়ই মাধবপুর-চুনারুঘাট বাসীর পাশে ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকতে চাই। ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই আসনটি উপহার দিতে পারবো।’

তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচন যাচ্ছে। দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায়, শান্তি চায়। গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়। নিরপেক্ষ নির্বাচন হলে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে দেশের সর্ববৃহৎ এই রাজনৈতিক দল বিএনপি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.