Sylhet Today 24 PRINT

সিইসি পরিবর্তনের দাবি ননসেন্স: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২৮ নভেম্বর, ২০১৮

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার পরিবর্তন চেয়ে ড. কামাল হোসেনের দাবিকে ননসেন্স মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সিইসির পদত্যাগের জন্য ড. কামাল হোসেন যে দাবি তুলেছেন সেটি একটি অহেতুক দাবি। এই দাবির কোন ভিত্তি নেই। এটি একটি ননসেন্স দাবি।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেট রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী এমদাদুল হকের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি তারই আসন থেকে এবার নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া তাঁর ছোট ভাই ড. এ কে আবদুল মোমেনের মনোনয়ন পত্র জমা দেন।

এসময় অর্থমন্ত্রী বলেন, গত নির্বাচন থেকে এই নির্বাচনের জয় আরো সহজ হবে। এবার নৌকা অনায়াসেই জিতবে। দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, মানুষ তার মূল্যায়ন করবে।

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিএনপির বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপির এ দাবি সত্য নয়। তারা ননসেন্স। নির্বাচনে সারাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে।

তিনি আরো বলেন, নিজেদের নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে বলে বিএনপি যে অভিযোগ তুলেছে তাও সত্যি নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.