Sylhet Today 24 PRINT

সিলেটের শহিদ মিনার এলাকা হকার মুক্ত করার দাবি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৮

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা ভ্রাম্যমাণ হকার মুক্ত করার দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র বরাবরে লিখিত আবেদন দাখিল করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে নগর ভবনে মেয়রের সাথে সাক্ষাত করে এ আবেদন জানান তারা।

লিখিত আবেদনে জোট নেতৃবৃন্দ বলেন, শহিদ মিনার এলাকার মতো একটি স্থান দীর্ঘদিন হকারদের দখলে থাকলেও এ নিয়ে মাথা ব্যাথা নেই কারো। মাঝে-মধ্যে সিসিক এবং এসএমপি হকার উচ্ছেদে অভিযান চালালেও অদৃশ্য কারণে আবারো একই স্থান চলে যায় হকারদের নিয়ন্ত্রণে। ফলে, একদিকে যেমন শহিদ মিনার এলাকার পবিত্রতা নষ্ট হচ্ছে, অপরদিকে সরকারি মহিলা কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকেও পড়তে হয় নানা দুর্ভোগে।

এ অবস্থায় বাঙ্গালী জাতির সাংস্কৃতিক চেতনার পাদপীঠ শহিদ মিনার এলাকা অবিলম্বে হকারমুক্ত করার জোর দাবি সম্মিলিত সাংস্কৃতিক জোটের।

আবেদন গ্রহণ করে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, শুধু শহিদ মিনার এলাকাই নয়, নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনতে হকার মুক্ত করার প্রয়াস সিসিকের অব্যাহত রয়েছে এবং অচিরেই শহিদ মিনার এলাকাকেও হকার মুক্ত করা হবে।

এ সময় জোট নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন, সিলেট শহিদ মিনার বাস্তবায়ন পরিষদের অন্যতম সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনির, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জয়নাল আবেদীন জুয়েল, সাধারণ সম্পাদক জামাল আহমদ, সহ-সভাপতি সিরাজ আনোয়ার, সহ-সাধারণ সম্পাদক বাদশাহ গাজী, কার্যকরী সদস্য দেবব্রত রায় দিপন, ফারুক আহমদ, সুমা নাগ ও অজয় বৈদ্য অন্তর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.