সিলেটটুডে ডেস্ক | ২৮ নভেম্বর, ২০১৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম.এ সালাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বুধবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এম কাজী এমদাদুল ইসলামের কাছে ব্যারিস্টার এম. এ সালাম মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় তার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র জমা শেষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ব্যারিস্টার সালাম বলেন, ধানের শীষ আজ গোটা বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক। বিগত দশ বছরের আওয়ামী দুঃশাসনের জবাব দিতে আসন্ন নির্বাচনে দলীয় নেতাকর্মীকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে আরো বেগবান করতে আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।