Sylhet Today 24 PRINT

অনলাইনে জালালাবাদ গ্যাসের বিল দিতে পারবেন গ্রাহকরা

জালালাবাদ গ্যাস ও ডাচ-বাংলা ব্যাংকের চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৮

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের সাথে ডাচ-বাংলা ব্যাংকের অনলাইনে গ্যাস বিল প্রদান সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে করে অনলাইনে জালালাবাদ গ্যাসের বিল দিতে পারবেন গ্রাহকরা।

বুধবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস ভবনের ৪র্থ তলার সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
জালালাবাদ গ্যাসের পক্ষে কোম্পানি সচিবালয়ের মহাব্যবস্থাপক প্রকৌশলী জসিম উদ্দিন আহমদ ও ডাচ-বাংলা ব্যাংকের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগের প্রধান ও এফভিপি মো. মোশাররফ হোসেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা বলেন, এখন গ্রাহকরা ঘরে বসেই অনলাইনে গ্যাস বিল দিতে পারবেন। বিদেশে বসেও গ্যাস বিল দেয়ার সুযোগ থাকছে। এর মাধ্যমে গ্রাহক সেবার মান উন্নত হবে। গ্রাহকরা কম সময়ে সহজেই গ্যাস বিল দিতে পারবেন। বক্তারা অনলাইনে গ্যাস বিল দেয়ার কার্যক্রম সফল করতে গ্রাহকদের দোরগোড়ায় এ পদ্ধতি পৌঁছে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

জালালাবাদ গ্যাসের উপ-ব্যবস্থাপক (আইটি শাখা) প্রকৌশলী মো. রবিউল আলমের সঞ্চালনায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক (বিপণন-উত্তর) প্রকৌশলী মো. শাহীনুর রহমান, মহাব্যবস্থাপক (বিপণন-দক্ষিণ) প্রকৌশলী মনজুর আহমেদ চৌধুরী, মহাব্যবস্থাপক অতিরিক্ত দায়িত্ব (প্রশাসন) প্রকৌশলী মো. শাহীনুর আলম, মহাব্যবস্থাপক (অর্থ ও রাজস্ব) মো. আবু ইউসুফ মিয়া, ডাচ-বাংলা ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক ও এসএভিপি মো. তাহমিদ বখত চৌধুরী, আম্বরখানা শাখার ব্যবস্থাপক ও এসএভিপি চৌধুরী আবুল কালাম পারভেজ, শাহজালাল উপশহর শাখার ব্যবস্থাপক ও এফএভিপি মোহাম্মদ নাজমুল হক এবং জালালাবাদ গ্যাস ও ডাচ-বাংলা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.