ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি | ২৮ নভেম্বর, ২০১৮
ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের তিনদিন পর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি)পরীক্ষার্থী তান্নী বেগমের (১০) মরদেহ উদ্ধার করেছে বালাগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় বালাগঞ্জ বাজারের লামা খেয়াঘাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান, বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজি আতাউর রহমান।
ওসি সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, সন্ধ্যার পর বালাগঞ্জ বাজারের লামা খেয়াঘাট থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
তান্নি উপজেলার হাজী করম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ও পশ্চিম মল্লিকপুর গ্রামের শহিদুল ইসলাম সদু মিয়ার মেয়ে।
প্রসঙ্গত, গত রোববার (২৫ নভেম্বর) বিকেল দুইটায় ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে গোসলে নেমে পিএসসি পরীক্ষার্থী তান্নী বেগম (১০) নিখোঁজ হয়।