Sylhet Today 24 PRINT

নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, অবহেলার সুযোগ নেই: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ৩০ নভেম্বর, ২০১৮

নতুন প্রজন্মের ভোটারদের প্রতি নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন, নৌকা হচ্ছে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। এবারের জাতীয় সংসদ নির্বাচনে ২২ শতাংশ নতুন ভোটার জীবনের প্রথম ভোট দেবেন। আমি আশা করি, মুক্তিযুদ্ধ ও উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার মাধ্যমে তাদের এই মূল্যবান ভোটের সূচনা হবে।

বৃহস্পতিবার রাতে নগরীর হাফিজ কমপ্লেক্সে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের সমর্থনে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এটাকে অবহেলার কোন সুযোগ নেই। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের প্রতীক নৌকা মার্কায় ভোট দেবার জন্য উদ্বুদ্ধ করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ পরিবার অনেক বড়। এর শাখা প্রশাখা অনেক। ইউনিয়ন ও উপজেলা নির্বাচন হয়, তবে সেগুলো থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জাতীয় নির্বাচন। এটাতে যারা জয়ী হন তারাই দেশ পরিচালনায় নেতৃত্ব দেন।
আবুল মাল আবদুল মুহিত এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার টানা দশবছর দেশ শাসনের ফলে দেশে এখন কোন অভাব নেই। না খেয়ে থাকার লোক নেই। এটা সরকারের অন্যতম সাফল্য।

তিনি বলেন, দেশে বর্তমানে মোট জনগোষ্ঠীর মধ্যে ৩ কোটি দরিদ্র আছে। সেটা দূর করা এখন আগামী সরকারের প্রধান লক্ষ্য। এজন্য প্রয়োজন বর্তমান সরকারের ধারাবাহিকতা।

বিগত দশ বছরে দরিদ্রতার হার ১১ থেকে ১২ শতাংশ কমিয়ে আনা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ২২ শতাংশ লোক দরিদ্র। আরও পাঁচ বছর পেলে সেটা ১০ শতাংশে নেমে আসবে।

তিনি বলেন, দেশে খাদ্যের উৎপাদন বেড়েছে। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। বিদ্যুতের চাহিদা পূরণ হয়েছে। গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে।

অর্থমন্ত্রী বর্তমান সরকারের লক্ষ্যমাত্রা পূরণ ও মানুষের জীবনমানের উন্নয়ন, একটি আদর্শ, উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়নে আগামী আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য দলীয় নেতাকর্মীসহ তিনি সকলের প্রতি আহ্বান জানান।

অর্থমন্ত্রী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না। তবে আমি ভোটে আছি নৌকার প্রার্থীর পক্ষে। নির্বাচনের আগ পর্যন্ত দলীয় প্রার্থীর পক্ষে মাঠে থাকবো।

সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, সাবেক কূটনীতিক অধ্যাপক ড. এ কে আব্দুল মোমেন। বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির, জেলার সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ এপতার হোসেন পিয়ার, কানাডা আওয়ামী লীগ নেতা সরওয়ার হোসেন।

সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহনূর, উপজেলা সহ-সভাপতি মখলিছুর রহমান, সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন বাবুল, মাছুম আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, আমির উদ্দিন আহমদ, তথ্য সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, এএইচএ মালিক ইমন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোজাহিদ আলী, আশিক মিয়া, আলতাফ হোসেন, নিরেশ দাশ, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, মো. তেরা মিয়া, সাবেক চেয়ারম্যান মোশাহিদ আলী, আছরব আলী প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউপি সদস্য মুহিত আলম শফিক।

জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের মতবিনিময়:
এর আগে বৃহস্পতিবার বিকেলে জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবি ফাতেমা ইসলামের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগে সভাপতি আসামা কামরানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত। বক্তব্য রাখেন সিলেট-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবি ফাতিমা ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসমা কামরানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, ঢাকা উত্তর সিটি প্যানেল মেয়র ও যুব মহিলা লীগের সহ-সভাপতি ডেইজি সারওয়ার, সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন, মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি কাউন্সিলর শাহানারা বেগম, সহ-সভাপতি সালমা বাছিত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা, জেলা পরিষদ সদস্য ও সাংগঠনিক সম্পাদক রওশন জেবিন রুবা, মহিলা আওয়ামী লীগ নেত্রী হেলেন আহমেদ, উপজেলা সভাপতি হামিদা খানম, সাধারণ সম্পাদক হাসিনা বেগম, ফাতিমা জান্নাত প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.