শ্রীমঙ্গল প্রতিনিধি | ৩০ নভেম্বর, ২০১৮
পর্যটন নগরী শ্রীমঙ্গলের রেলওয়ে ষ্টেশনের শোভা বর্ধন এর লক্ষ্যে পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তি বর্গদের নিয়ে গঠন করা হয়েছে ‘শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন শোভা পরিষদের আহবায়ক কমিটি। কমিটিতে বিকুল চক্রবর্তীকে আহবায়ক ও তাপস দাশকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের ভিআইপি কক্ষে ষ্টেশন মাস্টার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্টেশনের শোভা বর্ধন নিয়ে অনুষ্ঠিত এক সভা থেকে এ কমিটি গঠন করা হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার আহ্বায়ক আবু সিদ্দিক মুসা, শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীম উদ্দিন, টুরিস্ট পুলিশের মৌলভীবাজার জোনের এস আই নোয়াব আলী, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, আবাসন সেবা সংস্থার সদস্য এস কে দাশ সুমন, দ্বারিকা পাল মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক জলি পাল, সমাজকর্মী আহমেদ রিয়াজ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ব্রিটিশ আমলে স্থাপিত শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনটি বর্তমানে প্রথম শ্রেণীর ষ্টেশন হিসেবে পরিগণিত হলেও প্রয়োজনীয় পরিচ্ছন্নকর্মীর অভাব, পাবলিক টয়লেট না থাকা, অগোছালো পার্কিং, ট্রেনের বগির স্থান চিহ্নিত না থাকাসহ নানাবিধ সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো সমাধানে রেলওয়ে বিভাগের পাশাপাশি এই কমিটির মাধ্যমে সবাইকে নিয়ে কাজ করা হবে। এতে করে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকদের সুবিধা হবে বলে তিনি জানান।