Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে সায়েম হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বানিয়াচং প্রতিনিধি  |  ০১ ডিসেম্বর, ২০১৮

বানিয়াচংয়ে ছুরিকাঘাতে নিহত কলেজ ছাত্র সায়েম আহমেদের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহত সায়েমের সহপাঠীরা।

শনিবার (১ ডিসেম্বর) সকালে বিক্ষোভ মিছিলটি বানিয়াচং বড়বাজারস্থ শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে জনাব আলী সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। পরে কলেজ গেইটের সামনে মানববন্ধন পালন করে তারা। মানববন্ধনে নিহত সায়েমের দীর্ঘদিনের বন্ধ-বান্ধব,এলাকাবাসী,কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

জনাব আলী সরকারি কলেজের অধ্যক্ষ সাফিউজ্জামান খানের সভাপতিত্বে ও শিক্ষার্থী মিথুন হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন জনাব আলী সরকারি কলেজের প্রভাষক মোফাজ্জল হোসেন, মাহমুদ মিয়া, নিজাম উদ্দিন প্রমুখ।

বক্তারা সায়েম হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। মানববন্ধন শেষে পুনরায় মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসার ও বানিয়াচং থানার ওসির কাছে গিয়ে সায়েম হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ, গত বুধবার রাত নয়টার দিকে ইমারত নামের একটি যুব সংঘের টাকার হিসাব নিয়ে দ্বন্ধের জেরে সায়েম আহমেদকে ছুরিকাঘাতে জখম করে ওই সমিতির অপর সদস্য নজরুল আলী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে কলেজ ছাত্র সায়েম আহমেদ মৃত্যুবরণ করে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। নিহত সায়েম বানিয়াচং সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের জামালপুর মহল্লার রমুজ আলীর পুত্র। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন পুলিশ সন্দেহমুলক ভাবে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলো-মোতাহের মিয়া, মোবাশ্বির ও আব্দুর রশিদ। নিহত সায়েম আহমেদ স্থানীয় জনাব আলী সরকারি কলেজের বাণিজ্য বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

এ ঘটনায় নিহতের মা আমিনা বেগম ২০জনের নাম উল্লেখ করে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামির ধরতে বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান অব্যাহত আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.